গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং গ্যাস-বিদ্যুৎ সঙ্কট নিরসনসহ বিভিন্ন দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চে ফেনীতে অর্ধলক্ষাধিক লোক জমায়েত করা হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান এ তথ্য জানান।
মুফতি আবদুল হান্নান বলেন, ‘আগামী শনিবার দুপুর আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল হোসাইনিয়া মাদরাসার সামনে পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে ৫০ হাজার লোক জমায়েত করা হবে। সকাল ৮টায় রাজধানীর শাপলা চত্বর থেকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, এলডিপির কর্নেল অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ নেতৃবৃন্দ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন।"
তিনি আরো বলেন, লংমার্চকে ঘিরে কোনো ধরনের যানজট ও ভোগান্তি যেন না হয়, সেজন্য ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে সমিতি বাজার পর্যন্ত ২০টি স্থানে স্বেচ্ছাসেবী টিম কাজ করবে। পাশাপাশি সড়কের একপাশ বন্ধ রেখে অন্যপাশ স্বাভাবিক রাখা হবে বলে তিনি জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির এ কে এম শামসুদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, লংমার্চ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো: মনসুর, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি মো: ইসমাইল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ফেনীর আহ্বায়ক সাইফ উদ্দিন, জামায়াতের যুব বিভাগ সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমদ ভূঁঞা আজাদ, শহর জামায়াতের আমির নজরুল ইসলাম, সদর সেক্রেটারি শিহাব উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি মো: শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান প্রমুখ।



