মতলব উত্তরে মাইক্রোবাসের চাপায় নারী নিহত

নিহত খাদিজা বেগম মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়ক দুর্ঘটনায় খাদিজা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তাতুয়া এলাকার বেড়িবাঁধ সংলগ্ন পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠানোর উদ্দেশ্যে তাতুয়া এলাকায় আসেন খাদিজা বেগম। ওষুধ দিয়ে ফেরার সময় একটি অটোরিকশায় উঠতে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী পথচারী সোহাগ হালদার বলেন, আমি ঘটনাস্থলের কাছেই ছিলাম। ওই নারী অটোগাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটি হাইচ গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে গাড়িটি না থেমেই দ্রুত পালিয়ে যায়। আমরা স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করি, কিন্তু তার আগেই তিনি মারা যান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।