সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা ঠেকাতে পৃথক অভিযান চালিয়ে পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার |নয়া দিগন্ত

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা ঠেকাতে পৃথক অভিযান চালিয়ে পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এর মধ্যে রিকাবীবাজারে গভীর রাতে মিছিলের প্রস্তুতিকালে তিনজন এবং ২৮ আগস্টের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা এস এইচ উবায়েদ রয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মঞ্জুরুল আলম।

এসএমপি সূত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে রিকাবীবাজারের নূরী রেস্টুরেন্টের সামনে মিছিলের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে উবায়েদের পরিচয় পাওয়া গেলেও অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কোতোয়ালি থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির জানিয়েছেন, যাচাই-বাছাই করে গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে, গত ২৮ আগস্ট পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত ঝটিকা মিছিলের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল আহমদ (২০) ও রবিউল ইসলাম হৃদয়কে (২৬) গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে তাদের মিছিলে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। সোহেলকে জল্লারপাড় ও হৃদয়কে নেহারীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এসএমপি মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মঞ্জুরুল আলম জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার সোহেল ও হৃদয়কে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, রিকাবীবাজার থেকে গ্রেফতার তিনজনের বিরুদ্ধেও যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।