মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ পৌর শহরের বাণীকুঞ্জের ব্যাপারীপাড়া এলাকায় সাপের দংশনে মোতাহার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত মোতাহার বাণীকুঞ্জের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।
নিহতের স্বজন নজরুল ইসলাম জানান, মোতাহার তাকে বলেছিলেন, আমি খেতে বিষ দিতে গিয়েছিলাম। সেখানে আমাকে সাপ দংশন করেছে। পরে স্বজনরা তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা: সাব্বির আহমেদ তাকে তিনটি ভ্যাকসিন দেন। পরে আরো তিনটি ভ্যাকসিন বাইরে থেকে কিনে এনে দেয়া হয়। এরপর চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তিনি আরো জানান, জামালপুর নেয়ার পথে হাজরাবাড়ী এলাকায় মোতাহারের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে ইসিজি করার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিকভাবে তিনি সাপের দংশনে মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।



