কালিয়াকৈরে নিখোঁজের ৩ দিন পর কারখানার ম্যানেজারের অর্ধগলিত লাশ উদ্ধার

বুধবার (২৬ আগস্ট) গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকার ভাড়া বাসা থেকে মৌচাক এলাকার কর্মস্থলের উদ্দ্যেশে বের হয়ে নিখোঁজ হন মশিউর রহমান।

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Kaliakior
পোশাক কারখানার জেনারেল ম্যানেজারের লাশ উদ্ধার
পোশাক কারখানার জেনারেল ম্যানেজারের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের তিন দিন পর মশিউর রহমান (৫০) নামে এক পোশাক কারখানার ম্যানেজারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার গহীন শালবন থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত মশিউর রহমান উপজেলার মৌচাক এলাকার জিএস গার্মেন্টস কারখানার জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকার ভাড়া বাসা থেকে মৌচাক এলাকার কর্মস্থলের উদ্দ্যেশে বের হয়ে নিখোঁজ হন মশিউর রহমান। এলাকাবাসী শনিবার সকালে গলাচিপা এলাকার গহীন শালবনে ছাগল চড়াতে গেলে ওই কর্মকর্তাকে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিহিত প্যান্টের পকেটে থাকা মোবাইল থেকে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ যানা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।