কুমিল্লার দেবিদ্বারে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি ওষুধের দোকানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, অভিযানের খবর পেয়ে শহরের নিউমার্কেট এলাকার অধিকাংশ ওষুধের দোকানের মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায়। একই অভিযানে নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির দায়ে দু’টি বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত নিউমার্কেট এলাকার ১৫টি ওষুধের দোকানে (ফার্মেসি) অভিযান চালান। এগুলোর মধ্যে আটটি ফার্মেসিতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। পরে ওষুধ ও কসমেটিকস আইনে এ আট প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে নিউমার্কেট এলাকার অধিকাংশ ফার্মেসির মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বিষয়টিকে সরকারি দায়িত্ব পালনে অসহযোগিতা ও নির্দেশনা অমান্যের ঘটনা হিসেবে দেখছে ভ্রাম্যমাণ আদালত। বন্ধ করে চলে যাওয়া ফার্মেসিগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মালিকদের পরবর্তী সময়ে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হবে। প্রয়োজন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।
অভিযানে ফার্মেসি মালিকদের অ্যান্টিবায়োটিক ঔষধ বিক্রির ক্ষেত্রে যথাযথ রেজিস্টার সংরক্ষণ এবং তা নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে অবৈধ, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
এছাড়া নির্ধারিত স্থানে পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির অপরাধে দুই বাসকে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ঔষধের গুণগত মান নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় দোকান বন্ধ করে পালিয়ে যাওয়া ফার্মেসিগুলোর তথ্য যাচাই করে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



