ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ‘শিক্ষিত ও আলোকিত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সময় ব্যয় না করে বইয়ের প্রতি মনোনিবেশ করা এখন সময়ের দাবি।’
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বুধবার বিদ্যালয় মিলনায়তনে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আবদুল আল মুমিন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার প্রত্যয়ে অধ্যয়ন করার নির্দেশনা প্রদান করেন। অভিভাবকদের স্ব-স্ব সন্তানদের সুশিক্ষা ও নৈতিক গুণাবলিশম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রতি মনোযোগী হওয়ার জন্য অনুরোধ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে সময় ব্যয় না করে বইয়ের প্রতি মনোনিবেশ করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
অভিভাবকমণ্ডলী দীর্ঘক্ষণ বিদ্যালয়ের অনুষ্ঠানে সময় দেওয়ায় প্রধান অতিথি তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতি প্রকৌশলী তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রিয়াদ প্রমুখ।



