কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে, বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত দুলাল মিয়া উপজেলার জালালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফেকামারা গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় তিন বছর আগে দেশে ফিরে কৃষিকাজে যুক্ত হন। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম শফিক বলেন, নিজের কাঁঠাল গাছ থেকে পড়ে এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন।
নিহতের ছেলে সাইফুল ইসলাম সুজন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবার কাছে দোয়া কামনা করেছেন।
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ থেকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়া নামে একজন মারা গেছে। জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এমন ঘটনার বিষয়ে আমি অবগত নই।



