সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান ও চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিয়ে প্রশ্নের মধ্যেই শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
সফরে তিনি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন।
চিকিৎসকদের উপস্থিতি ও দায়িত্ব পালনের সময়সূচি নিয়ে সাম্প্রতিক সময়ে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সতর্কবার্তার পর মন্ত্রীর এই সফর ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দপ্তর থেকে বুধবার (২ সেপ্টেম্বর) জারি করা সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী।
সকাল ৭টায় বিমানে সিলেটের উদ্দেশে যাত্রা করে ৭টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। পরে সকাল ৮টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউসে যাবেন তিনি।
সকাল ৯টা ৩০ মিনিটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে চিকিৎসাসেবা, চিকিৎসা কার্যক্রম ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখবেন তিনি।
এরপর সকাল ১১টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। দুটি হাসপাতাল পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টায় সার্কিট হাউসে ফেরার কথা রয়েছে তাঁর।
মন্ত্রীর সফরের সময়সূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউস থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। বিকেল ৪টায় বিমানবন্দরে পৌঁছে সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে বিমানে যাত্রা করবেন। সফরে তাঁর একান্ত সচিব (যুগ্মসচিব) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সফরসঙ্গী থাকবেন।
এদিকে ওসমানী হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি ও কর্মস্থলে অবস্থান নিয়ে সম্প্রতি গুরুতর চিত্র উঠে এসেছে হাসপাতাল পরিচালকের এক বিজ্ঞপ্তিতে। বায়োমেট্রিক হাজিরার তথ্য পর্যালোচনায় দেখা যায়, সকাল ৯টার পরও বহির্বিভাগের ৪৮ শতাংশ এবং অন্তর্বিভাগের ৬৫ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত হননি।
অন্যদিকে নির্ধারিত কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই, অর্থাৎ দুপুর ২টা ৩০ মিনিটের আগে, বহির্বিভাগের ৯৬ শতাংশ এবং অন্তর্বিভাগের ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থল ত্যাগ করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে চিকিৎসাসেবা স্বাভাবিক রাখা এবং দাফতরিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চিকিৎসকদের সকাল ৮টায় কর্মস্থলে উপস্থিত হয়ে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে দুপুর ২টা ৩০ মিনিটের আগে কর্মস্থল ত্যাগ না করার কথাও বলা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে প্রাথমিক সতর্কীকরণ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে একই ধরনের ব্যত্যয় ঘটলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে।



