টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহসড়কে দ্রুতগতির একটি বাসের চাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার শুভুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান নাসির গ্রুপে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম জানান, মেহেদী হাসান মোটরসাইকেলযোগে ঢাকাগামী লেন দিয়ে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুর উপজেলার শুভুল্লা নামক স্থানে পৌঁছালে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।



