পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বন বিভাগের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (১৩ জুন) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড আরাজী-পলাশবাড়ী সংযোগ খাল বাঁধের উভয় পাশে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সাদিকুর রহমান, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এছাড়াও কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ ডাকবাংলো চত্বর, রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ও পুরাতন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।



