রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারে সময় একটি ট্রাকের ধাক্কায় মো: আনোয়ারুল হক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উত্তরা থানার জসীমউদ্দীন রোডে ইউ-টার্ন মোড়ে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারুল পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোরাদহ গ্রামের বাসিন্দা ও মরহুম আতাহার আলী মণ্ডলের ছেলে। তিনি তার পরিবার নিয়ে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন।
নিহতের ভাতিজা মো: পরশ জানান, বুধবার রাতে গ্যারেজের কাজ শেষ করে গাজীপুর কোনাবাড়ীর বাসায় ফেরার উদ্দেশে বের হন আনোয়ারুল। রাত ৯টার দিকে তিনি উত্তরা জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।



