টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মো: আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও তার মেয়ে খাদিজা আক্তার (১০)।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত খালিদুল সামাজিক সেবা সংগঠনের (এনজিও) গাজীপুরের মীরের বাজার শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার নিজ বাড়িতে আসেন। শুক্রবার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ী ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়বাড়ি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাত্রাপথে শাহধারীপাড়া নামক স্থানে পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় বজ্রপাত হয়। এতে তাদের দু’জনেরই মৃত্যু হয়।
খালিদুলের মৃত্যুতে তার কর্মপ্রতিষ্ঠান সামাজিক সেবা সংগঠন গভীর সমবেদনা জানিয়েছে।
এছাড়া একই সময় সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দুটি গরুও বজ্রপাতে মারা যায়।



