টঙ্গীতে নারী যাত্রীকে কুপিয়ে রক্তাক্ত করে ছিনতাইয়ের ভাইরাল ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আলোচিত দুই ছিনতাইকারী কামাল হোসেন ওরফে চাপাতি কামাল (২৮) ও জাহিদ দেওয়ানকে (২৬) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাতে টঙ্গীর গাজীপুরার কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার জাহিদ দেওয়ান টঙ্গীর এরশাদনগর ৩ নম্বর ব্লকের জয়নাল দেওয়ানের ছেলে। অপরদিকে কামাল হোসেন ওরফে চাপাতি কামাল গাজীপুরার কাজীবাড়ি এলাকার খলিল মিয়ার ছেলে।
পুলিশের তথ্যমতে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শালিকচূড়া ঝিলানী মার্কেট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেয় কামাল, জাহিদ ও সোহাগসহ তিন সদস্যের একটি ছিনতাইকারী চক্র। এ সময় তারা অটোরিকশার এক নারী যাত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে অটোরিকশার ভেতরে ওই নারীর আর্তচিৎকার এবং রাস্তায় রক্ত পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর জিএমপি কমিশনারের নির্দেশে টঙ্গী পূর্ব থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



