মাঝআকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি : সিলেটগামী ফ্লাইট ফিরে গেল ঢাকায়

ঢাকা থেকে সিলেটগামী একটি বিমানের ফ্লাইন যান্ত্রিক ত্রুটির কারণে আবার ঢাকা ফিরে আসে। পরে অন্য একটি ফ্লাইটে তাদের সিলেটে নিয়ে যাওয়া হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট মাঝআকাশ থেকে ঢাকা ফিরে আসে
যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট মাঝআকাশ থেকে ঢাকা ফিরে আসে |নয়া দিগন্ত

ঢাকা থেকে সিলেটগামী বিমানের একটি ফ্লাইট উড্ডয়নরত অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ওই ফ্লাইটটি মাঝ আকাশ থেকে আবার ঢাকায় ফিরে যায়।

সোমবার (৩১ আগস্ট) সকালে এমন ঘটনা ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে অবশ্য অন্য একটি ফ্লাইটে যাত্রীদের ঢাকা থেকে সিলেট নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা করে বিমানের একটি ফ্লাইট। সেখানে ২৫ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। উড্ডয়নের কিছু পথ আসার পর বিমানে হঠাৎ ঝাঁকুনি দেখা দেয়।

তখন একজন বিমানবালা যাত্রীদের জানান, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে যাবে।

ওই বিমানের যাত্রী ছিলেন আমেরিকা প্রবাসী লেখক ও সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন। তিনি বিমান থেকে নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে একজন বিমানবালাকে যাত্রীদের উদ্দেশে বলতে শোনা যায়, টেক অফের পর আপনারা নিশ্চয়ই একটা শব্দ শুনেছেন। সুতরাং ক্যাপ্টেন কোনো রিক্স নেননি। তাই আমরা ঢাকায় ব্যাক করছি। এ সময় অনেক যাত্রীকে বিমানের দুরাবস্থা ও অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করতে শোনা যায়।

এক যাত্রী বলেন, আমি বিমানে ওঠে শব্দ শুনেই কোনো একটা সমস্যা আছে বুঝতে পেরেছি। বিমানের কেউ কেন আগে তা বুঝেনি। কেন মাঝ আকাশে এনে আমাদের সবার জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলা হলো?

এ ব্যপারে সোমবার রাত ১০টার দিকে ইব্রাহিম চৌধুরী খোকন বলেন, ‘বিমানের ফ্লাইট যখন আকাশে তখন যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে যায়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে অন্য একটি ফ্লাইটে আমাদের আনা হয়। সোয়া ১টার দিকে আমরা সিলেট এসে পৌঁছাই।’

এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এর আগে রোববার দুবাই থেকে সিলেটমুখী বিমানের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ওই ফ্লাইটটি রোববার সকালে সিলেট আসার কথা থাকলেও আসে মধ্যরাতে। দীর্ঘক্ষণ যাত্রীদের বিমনবন্দরে প্রায় অভুক্ত রাখা হয় বলে জানা গেছে।