শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা-ভাই আহত

ছেলের ছুরিকাঘাতে বাবা নিহতের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

Location :

Shibpur
ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন
ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন |নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুরে ছেলে শাকিল চৌধুরীর (৩৫) ছুরিকাঘাতে বাবা আব্দুল বাছেদ মিয়া (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছুরিকাঘাতে তার মা ও ভাই আহত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত বাছেদ ওই গ্রামের মরহুম ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত শাকিল পেশায় রাজমিস্ত্রী।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

পরিবারের সদস্যরা জানায়, ছেলে শাকিলের সাথে বাবা বাছেদের কোনো পারিবারিক বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে বাবা-ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা বাছেদের স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান শাকিল তার বাবার পেটে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা ও ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে শাকিল পালিয়ে যায়। এতে বাছেদ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’