ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা উভয়ই মামাতো-ফুপাতো ভাই-বোন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো নুরুল ইসলামের মেয়ে সাইফানা (৩) ও মাজহারুল ইসলামের ছেলে সাফা (৩)। তারা উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামে বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে বৃষ্টির সময় বাড়ির উঠানে দুই শিশু খেলাধুলা করছিল। হঠাৎ করেই পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মিথুন তাদের মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান সেখ জানান, এ বিষয়ে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে অপমৃত্যুর মামলা করা হবে।



