মুজিব শতবর্ষের লোগো যুক্ত খামে উড়ো চিঠি, হত্যার হুমকি

হুমকির চিঠি পাওয়ার পর ভুক্তভোগী নেতা ও তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি
হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি |নয়া দিগন্ত

জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষের লোগো যুক্ত খামে ডাক যোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গাছের সাথে ঝুলিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার চিনাডুলী ইউনিয়নের মোহাম্মদ সবুজ মিয়া চিঠিটি পান। চিঠিতে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সবুজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

হুমকির চিঠি পাওয়ার পর ভুক্তভোগী নেতা ও তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, চিঠির খামের বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে।

খামের ওপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজ, পিতা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়েছে।

খামের ভিতরে থাকা হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা চিঠিতে অশালীন ভাষা ব্যবহার করে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

উড়ো চিঠিতে তাকে প্রকাশ্যে গাছের সাথে ঝুলিয়ে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। তবে চিঠিতে প্রেরকের কোনো নাম-পরিচয় নেই।

সবুজ মিয়া বলেন, ‘আমি তখন বাড়িতে ছিলাম না। পরে জানতে পারি, আবু তালেব নামে একজন ব্যক্তি আমাদের বাড়ির সামনে এসে চিঠিটি রেখে যান। বিষয়টি জানতে পেরে ডাকঘরে খোঁজ নিয়েছি। সেখান থেকে বলা হয়েছে, চিঠিটি ইসলামপুর উপজেলা ডাকঘর হয়ে এসেছে। আমার ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে কারো সাথে এমন কোনো বিরোধ নেই যার কারণে এ ধরনের হুমকি আসতে পারে। কে বা কারা এর পেছনে রয়েছে, তা বুঝতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘চিঠিটি পাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছি।’

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’