নাটোরের লালপুর উপজেলার কৃতি সন্তান সুবহানা ইসলাম নিঝুম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমগ্র লালপুরবাসীর জন্য গৌরব বয়ে এনেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সুবহানা ইসলাম নিঝুম বর্তমানে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। জাতীয় পর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতায় অসাধারণ যুক্তি, সাবলীল উপস্থাপনা ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করেন।
নিঝুমের এ সাফল্যে আনন্দে ভাসছে তার পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অসংখ্য বার্তা দেয়া হচ্ছে।
নিঝুম বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নাতনি, জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহেদ আলমের ভাতিজি এবং স্কুলশিক্ষক মো: নজরুল ইসলাম শামীম ও খাজিনা খাতুন দম্পতির মেয়ে।
ছোটবেলা থেকেই মেধা, শৃঙ্খলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষাক্ষেত্রে তার উজ্জ্বল উপস্থিতি সবার নজর কেড়েছে।
এলাকাবাসী জানায়, নিঝুমের এই অর্জন শুধু তার পরিবারের নয় বরং লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামসহ সমগ্র এলাকার গর্ব। তার এ সাফল্য নতুন প্রজন্মকে জ্ঞানচর্চা, যুক্তিবাদী চিন্তা ও নেতৃত্বগুণ বিকাশে অনুপ্রাণিত করবে।
নিঝুমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভাকাঙ্ক্ষীরা বলেন, সুবহানা ইসলাম নিঝুম ভবিষ্যতে আরো বড় সাফল্য অর্জন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের মুখ উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।
নিঝুমের চাচা জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহেদ আলম জানান, বুধবার বিকেলে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় নিঝুম শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। তিনি ভাতিজির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
লালপুরের এই মেধাবী কন্যার অর্জন নিঃসন্দেহে উপজেলার জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তার সাফল্যে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে এলাকার সর্বস্তরের মানুষ।



