ছাতকে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, ‘শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে।’

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

সুনামগঞ্জের ছাতকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে ছাত্রশিবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জে তানজিনা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা আদর্শ শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত জিপিএ-৫ প্রাপ্ত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি নাঈমুর রহমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসন থেকে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান।

প্রধান মেহমান মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে। একটি সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তাদের এ সাফল্য যেন ভবিষ্যতে আরো বড় অর্জনের পথ তৈরি করে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান বলেন, ‘জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়া ভবিষ্যত জীবনে সফলতা অর্জনের অন্যতম শর্ত। জীবনের লক্ষ্য নির্ধারণ করে তোমরা যদি আগাতে পারো তাহলে সফলতা তোমাদের কাছে ধরা দিতে বাধ্য।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনজন শিক্ষার্থী তাদের অনূভুতি প্রকার করে বক্তব্য প্রদান করে।

সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম বলেন, ‘একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে।’

তিনি আরো বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তোমাদের কৃতিত্বকে মূল্যায়ন আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। ইসলামী ছাত্রশিবির তোমাদেরকে সাথে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। তোমরা যদি তোমাদের মেধার সাথে সততার সমন্বয় করতে পারো তাহলেই কেবল তোমাদের দ্বারা আগামীর বাংলাদেশকে ইনসাফপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।’

ছাত্রশিবিরের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সেক্রেটারি মাহফুজুর রহমানের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রশিবিরের গোবিন্দগঞ্জ কলেজের সভাপতি হাবিবুর রহমান জুনেদ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ছাতক উপজেলার সাবেক আমির মাওলানা জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ জাকির হোসাইন, সাবেক সেক্রেটারি এটিএম আব্দুল তাহিদ, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিররে আইন সম্পাদক মাসুদ আহমদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুল মমিন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্ব প্রাপ্তরা।

অনুষ্ঠানের শুরুতে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন নেতারা ও সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট দেয়ার পাশাপাশি সার্টিফিকেট ও বই খাতা তুলে দেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।