ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিষক্ত কীটনাশক পান করার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রমজান মোল্লা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রমজান মোল্লা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে রমজান মোল্লা বিষাক্ত কীটনাশক পান করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করেন। পরে একই দিন দুপুর আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করছিলেন রমজান মোল্লা। পরে বুধবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
রমজান মোল্লার মৃত্যুর খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ হাসপাতালের মর্গে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তবে কী কারণে রমজান মোল্লা কীটনাশক পান করেছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সাথেও এ বিষয়ে কথা বলছে পুলিশ। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



