সিলেট নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ১১২ জনকে গ্রেফতার করেছে এসএমপি। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদককারবারি, সন্দেহভাজন ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতার আসামিরা রয়েছেন।
অভিযান চলাকালে ৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে ৭৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৬২টি যানবাহন আটক করেছে।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।



