ঈশ্বরদীতে প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি, তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
ঈশ্বরদী থানার আওতাধীন হারুখালী মাঠসংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে
ঈশ্বরদী থানার আওতাধীন হারুখালী মাঠসংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর ৪ লাখ ২৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালী মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে মাছ বিক্রি শেষে বাড়ি ফেরার পথে লালন শাহ সেতু পার হয়ে প্রস্রাব করার জন্য তারা গাড়ি থামান। এ সময় দু’টি মোটরসাইকেলে করে আসা চার ব্যক্তি নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাদের গাড়ি তল্লাশির কথা জানায়। তারা গাড়িতে মাদক রয়েছে দাবি করে তল্লাশি শুরু করে।

তল্লাশির একপর্যায়ে তার গাড়ির সিটের পেছনে রাখা মাছ বিক্রির টাকার ব্যাগটি দেখে ফেলে। তখন ব্যাগে অবৈধ মাদক রয়েছে অভিযোগ তুলে ব্যাগটি থানায় নিয়ে পরীক্ষা করার কথা বলে তারা। ভুক্তভোগীরা ঘটনাস্থলেই ব্যাগ পরীক্ষা করার অনুরোধ জানালেও ছিনতাইকারীরা তা প্রত্যাখ্যান করে এবং পাশের পুলিশ ফাঁড়িতে নেয়ার ভয়ভীতি দেখায়।

পরে তারা গাড়িটি ফাঁড়ির দিকে না নিয়ে কৌশলে নির্জন হারুখালী মাঠের দিকে নিয়ে যায়। ভুক্তভোগীরা এতে আপত্তি জানালে তাদের গালাগাল ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে নির্জন স্থানে গাড়ি থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা।

ঘটনার পরপরই স্থানীয় এক মোটরসাইকেল চালক ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করলেও শেষ পর্যন্ত তাদের ধরা সম্ভব হয়নি। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ব্যাগে মাছ বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার টাকা ছিল, যার পুরোটাই ছিনতাইকারীরা নিয়ে গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি, তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।