ময়মনসিংহ নগরীতে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সোনিয়া নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ অটোরিকশাতে থাকা আরো চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আকুয়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনিয়া ময়মনসিংহের ফুলবাড়ী জোরবাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাইপাস সড়ক দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে সোনিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।



