কোনাবাড়ীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১২ ঝুটের গোডাউন

গাজীপুরের কোনাবাড়ীতে ভোরে লাগা আগুনে ১২টি ঝুটের গোডাউন পুড়ে গেছে; ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
কোনাবাড়ীতে ভয়াবহ আগুন
কোনাবাড়ীতে ভয়াবহ আগুন |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ আগুনে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঝুটের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রায় ১২টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে সারাবো ফায়ার সার্ভিসের আরো দু‘টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। পাঁচটি ইউনিটের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতার সাথে বাতাসের গতিবেগও বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। পাঁচটি ইউনিটের চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।‘

তিনি বলেন, ‘আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।’

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গোডাউনগুলোতে থাকা বিপুল পরিমাণ ঝুট ও অন্য মালামাল পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।