ফেনী সীমান্তে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, চশমা, থ্রি-পিস, ওষুধ ও কাঠসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।
এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।’
তিনি আরো বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’



