খুলনা মহানগরীর দৌলতপুরের একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় গুলিতে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও আলম মন্ডল (৫৫) গুলিবিদ্ধ হন।
রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদে ঢুকে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তার পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেয়া হয়েছে। আর আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে বলে জানা গেছে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো: আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।



