মমেকে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, ৩ মাসে প্রাণহানি ৫১

বর্তমানে মমেকে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৮৭ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৯৪০ শিশু।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে
হাম আক্রান্ত শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে |ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সাম্প্রতিক সময়ে হাসপাতালটিতে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

হাসপাতাল সূত্র জানায়, একই সময়ে নতুন করে আরো ২৫ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, যা পরিস্থিতির উদ্বেগজনক দিকই নির্দেশ করছে।

রোববার (১৪ জুন) দুপুরে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো: মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মারা যাওয়া শিশুটির বয়স দুই বছর ছয় মাস। তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। গত ৪ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হামের পাশাপাশি শিশুটি সেপটিসেমিয়া ও সেপটিক শকে আক্রান্ত ছিল।

হাসপাতাল সূত্র আরো জানায়, বর্তমানে মমেকে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মোট দুই হাজার ৮৭ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৯৪০ শিশু।

হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান জোরদার ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।