সিলেটে সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ

সুস্থ দেহ ও সুস্থ মনই শিক্ষার্থীর সাফল্যের ভিত্তি : ড. আব্দুর রব

‘জীবনে সফল হতে হলে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ করছেন ড. আব্দুর রব
সিলেটে সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ করছেন ড. আব্দুর রব |নয়া দিগন্ত

বিশিষ্ট ভূ-বিজ্ঞানী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) ও সানিহিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বলেছেন, ‘জীবনে সফল হতে হলে অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়; জ্ঞান, নৈতিকতা, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা-ই প্রকৃত শিক্ষার লক্ষ্য। তাই শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের চর্চায় গুরুত্ব দিতে হবে।’

তিনি বৃহস্পতিবার (২৭ আগস্ট) সানিহিল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খেলাধুলা শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ। মাঠে খেলতে গিয়ে একজন শিক্ষার্থী নিয়ম-শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত সহযোগিতা, পরাজয় মেনে নেয়া এবং বিজয়ের আনন্দ ভাগ করে নেয়ার শিক্ষা পায়। সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা কঠিন। তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অভিভাবক ও শিক্ষকদেরও শুধু ফলাফলের দিকে না তাকিয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের প্রতি গুরুত্ব দিতে হবে।’

সানিহিল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিসেস শাহানা চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সানিহিল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান খন্দকার সিপার আহমেদ, সদস্য এ কে এম বদরুল আমিন হারুন ও এহতেশামুল হক চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবকসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্রীড়াসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।