মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসতে হবে।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
জনসচেতনামূলক র‌্যালি
জনসচেতনামূলক র‌্যালি |নয়া দিগন্ত

মাগুরায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে এ উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা: মো: শামীম কবির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: আব্দুল কাদের, পৌর প্রশাসক মো: ইমতিয়াজ আহমেদ এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা: মো: মহসিন উদ্দিন ফকির, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, ডা: মেহেদী হাসান, ডা: আফজাল হোসেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: দেবপ্রিয়া। সভাটির সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।

আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার প্রতি গুরুত্ব আরোপ করে , যাতে মশার প্রজননস্থল সৃষ্টি না হয় সে ব্যাপারে যত্নশীল হওয়ার আহ্বান জানান।

র‍্যালিতে জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

আয়োজকরা জানায়, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।