বকশীগঞ্জে আগুনে পুড়েছে ৮ দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা

প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Location :

Jamalpur
আগুন নেভানোর চেষ্টা
আগুন নেভানোর চেষ্টা |নয়া দিগন্ত

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন গুলশান মার্কেটে আগুন লেগে অন্তত আটটি মুদি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে গুলশান মার্কেটের ইমন স্টোর নামের একটি মুদিখানা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতা রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে—হোটেল জমজম, ভাই ভাই বেডিং হাউজ ও তুলার দোকান, ইমন স্টোর, জহির বেডিং স্টোর, মুসলিম ভ্যারাইটিজ প্লাস্টিক স্টোর, ইমন স্টোর গোডাউন, হাসান ফল ভান্ডার এবং হুসাইন দই-চিড়া ঘর।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে দু’টি ইউনিট কাজ করেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। সরকারি পক্ষ থেকে সহযোগিতা করার যে সুযোগ রয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসক স্যার দিকনির্দেশনা দিয়েছেন। আমরা ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করব। একই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়ও বিষয়টি অবগত রয়েছেন এবং তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।’