মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: মফিজুল ইসলাম (২৭) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত ১১টা ১৬ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা এ তথ্য জানায়।
গ্রেফতার মফিজুল ইসলাম গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের শাহাবুদ্দীনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ প্রদীপ কুমার সানার নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাড়াডোব এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ হাজার ৮০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে মেহেরপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



