চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দর্শনা থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে পৃথক সিআর ও জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত নয় আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন চন্ডিপুর গ্রামের মো: রানা (৩০), মো: রেজাউল হক (৩৫) ও মো: রবিউল ইসলাম (৬০) দক্ষিণ চাঁদপুর (টাওয়ারপাড়া) গ্রামের মো: আমিরুল ইসলাম (৪৫), বাড়াদি গ্রামের পশ্চিমপাড়ার মো: বিল্লাল হোসেন (১৯), আকন্দবাড়ীয়া গ্রামের নতুনপাড়ার মো: সাইফুল ইসলাম ওরফে ফিল্টু (৩৫), রামনগর গ্রামের দাসপাড়ার মো: মোখলেছ হোসেন (২২), বেগমপুর গ্রামের পুরাতন পাড়ার মো: শরিফুল ইসলাম (২৬) ও ধান্যঘরা গ্রামের আল মিরাজ।
এছাড়া দর্শনা থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার আলীগঞ্জ গ্রামের মো: রুবেল শেখ (৩৭), গোধাগাড়ী থানার নারায়নপুর গ্রামের মো: সুমন খান ওরফে পারভেজ (৩৮) এবং দর্শনা থানার প্রতাবপুর গ্রামের মো: মিরাজ হোসেন ওরফে তুফান।
দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি একটি নিরাপদ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠায় জনসাধারণের সহযোগিতা চাই।



