আগামীতে আরো নিরাপদ রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

‘প্রধানমন্ত্রী তারেক রহমান আইন-শৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।’

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন
আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন |নয়া দিগন্ত

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘দুষ্টের দমন করে আগামী দিনে আরো নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। ভালো মানুষের জন্য এই মহানগরীকে আরো বসবাস উপযোগী করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘৩৪ বছর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে।’

বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দফতরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আইন-শৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।’ এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির সব সদস্যকে অভিনন্দন জানান ভূমিমন্ত্রী।

উদ্বোধনী আলোচনা শেষে আরএমপির সদর দফতর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দফতরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএমপির পক্ষ থেকে জানানো হয়, ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।