সোনারগাঁওয়ে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটকরা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটকরা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক সেবনের দায়ে তিনজনকে দুই মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সোনারগাঁও থানা পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের চর ভূলুয়া দক্ষিণপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে সিফাত হাওলাদার (১৯), একই এলাকার আজগর আলীর ছেলে মো: হৃদয় (২২) ও বন্দর উপজেলার মুরাদপুর দেওয়ান বাগ এলাকার সাইদুর রহমানের ছেলে মো: বিজয় মিয়া (১৯)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন সরকার। মাদক সেবনের দায়ে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মাদক উদ্ধার ও মাদকসেবীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।