চট্টগ্রামের বায়েজিদ এলাকায় বাসচাপায় দুই গার্মেন্টস কর্মী এবং মিরসরাইয়ে বাসের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
আজ রোববার সকালে পৃথক দুর্ঘটনায় নিহত হন তারা।
সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকায় ভিজ্যুয়াল গার্মেন্টসের সামনে দুর্ঘটনায় নগরীর বায়েজিদ থানার বালুছড়া জালালাবাদ এলাকার অরুণ দাশ (৫৯) এবং মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ মুরাদপুর ফকিরবাড়ি এলাকার আজিজুল হক জিপসি (২২) নিহত হন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর বাসসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অরুন ও আজিজ সকালে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বায়েজিদ বালুছড়া এলাকায় হাটহাজারীমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অরুনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আজিজুলকে সেখান থেকে রয়েল হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
অন্যদিকে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে বাসের ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
ভোরে উপজেলার বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে আব্দুল খালেক হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র : বাসস



