নাটোরের নলডাঙ্গায় ব্যাটারিচালিত অটোভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ভ্যানচালক।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নলডাঙ্গা থানাধীন পিপরুল ইউনিয়নের পাটুল বাজার বটতলা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী মানিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাগর মোটরসাইকেলযোগে পাটুল খোলাবাড়ি জিরো পয়েন্ট থেকে পাটুল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পাটুল বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাগর।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে রয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলোম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত দু’জনকে নাটোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসা সাগরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



