শেষ হচ্ছে ঈদুল আযহা বা কোরবানি ঈদের ছুটি। সকাল থেকে কর্মস্থলে ফেরার পালা। তাই নাড়ির টানে ঘরে ফেরা দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ জীবিকার তাগিদে রাজধানীমুখী হতে শুরু করেছে।
রোববার (৩১ মে) সকাল থেকেই ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন।
জানা গেছে, ঈদের ছুটি রোববার শেষে সোমবার খুলছে অফিস-আদালত। কাজে যোগ দিতে শনিবার বিকেল থেকেই কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। রোববার সকাল থেকে এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার পরিবহনের বাড়তি চাপ দেখা গেছে।
এছাড়াও বিভিন্ন স্টপেজে যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও দেখা গেছে যাত্রীদের।
ঢাকাগামী একাধিক পরিবহনের চালকরা জানায়, আজ ঈদের ছুটি শেষ হচ্ছে। তাই রোববার ভোর থেকেই দূরপাল্লার পরিবহনে যাত্রীদের বাড়তি চাপ রয়েছে। বেশির ভাগ যাত্রী আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সরাসরি ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে পরিবহন। ঢাকাতে যাত্রীদের নামিয়ে বাসগুলো ফিরে আসতে হচ্ছে।
ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একাধিক পরিবহনের চালকরা আরো জানায়, ঢাকায় ফেরার ব্যাপক চাপ রয়েছে। ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে যাত্রী নিয়ে পদ্মাসেতুর নাওডোবা পর্যন্ত একাধিক স্টপেজ থেকে যাত্রী উঠাতে হয়। বাসের সিটগুলো আগে থেকেই ভরে যায়। পথের যাত্রীদের দাঁড়িয়ে যেতে হয়।
বাড়তি ভাড়া নেয়া হচ্ছে কি না–এমন প্রশ্নের জবাবে তারা জানায়, খুব বেশি বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না। স্বাভাবিক সময়ের চেয়ে একটু বেশি। তবে তা সহনীয়। কারণ, ঢাকা থেকে প্রায় যাত্রীশূন্য বাস ফিরে আসে।
তবে একাধিক যাত্রীরা জানায়, লোকাল বাসে পথের যাত্রীদের জন্য একটু বেশি সমস্যা হয়। সিট খালি পাওয়া যায় না। দাঁড়িয়ে যেতে হয়।
ঢাকামুখী যাত্রী মো: আমিনুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে জানান, শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়ের গোল চত্বর স্ট্যান্ড থেকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঈদের আগেও বাসগুলো ঢাকার গুলিস্তান থেকে ৪০০ টাকা করে ভাড়া নিয়েছে। অথচ স্বাভাবিক সময়ের ভাড়া ২০০ টাকা। এখন ঢাকায় যেতেও বাড়তি ভাড়া দিতে হচ্ছে।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে রোববার থেকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেড়েছে। শিবচর হাইওয়েতে দুর্ঘটনা এড়াতে পুলিশের একাধিক টিম রয়েছে। মহাসড়কে বাস থামিয়ে যাতে যাত্রী ওঠানামা করাতে না পারে সেদিকে তৎপর রয়েছে পুলিশের টিম।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, হাইওয়ে পুলিশের একাধিক টিমের টহল রয়েছে মহাসড়কে। চেকপোস্টসহ মোবাইল টিম কাজ করছে। যাত্রীরা যেনো নির্বিঘ্নে কর্মস্থলে ফিরে যেতে পারে, মহাসড়কে যেনো ভোগান্তি না হয়, সেদিকে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে।



