লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শনিবার বিকেলে কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খানের মৃত্যু হয়।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাতে কৃষকের মৃত্যু |প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে মো: টিটুল খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

শালনগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) মো: এনায়েত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো: টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।