নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে তিনজন আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে স্থানীয় বাংলাবাজারে এই গুলির ঘটনা ঘটে।
আহতরা হলেন মো: নাদিম (১৭), মো: সাকিব (১৮) এবং সাহেদ (২০)। গুরুতর আহত অবস্থায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । এ সময় দোকানপাটে হামলার অভিযোগ ওঠে।
জানা গেছে, উপজেলার জিরতলি ইউনিয়নের বাংলাবাজার এলাকার বারইচতল (মসজিদ বাড়ি) গ্রামের আবুল খায়েরের ছেলে অভিযুক্ত হারুনের নেতৃত্বে শনিবার রাতে সন্ত্রাসীরা গুলি চালায় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত হারুনের বিরুদ্ধে ডজনখানিক মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, তার কোনো দল নেই। যে যখন ক্ষমতায় থাকছে তখন তার নাম ভাঙিয়ে তিনি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানায়, এ ঘটনার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুজ্জামান বলেন, ‘ঘটনার পর রাতে পুলিশ পাঠানো হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।’



