সাজাভোগ শেষে তামাবিল সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো ভারত

বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ছয় বাংলাদেশীকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

Location :

Gowainghat
বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও ভারত থেকে ফেরত আসা ছয় বাংলাদেশী
বিজিবি, বিএসএফ, দুই দেশের পুলিশ ও ভারত থেকে ফেরত আসা ছয় বাংলাদেশী |নয়া দিগন্ত

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ছয় বাংলাদেশী নাগরিককে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা বাংলাদেশী ছয় নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক কারাগারে তিনজন ও ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে তিনজন বন্দী ছিলেন। কারাভোগ শেষে বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

ফেরত আসা ছয় বাংলাদেশী হলেন— ঢাকার কদমতলী থানার মো: জাকির হোসেনের ছেলে মো: সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার সিরাজ আলীর ছেলে আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের মো: আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাবাড়ী থানার মো: মফিজ উদ্দিনের ছেলে মো: তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার মো: রফিকুল ইসলামের ছেলে মো: মামলত হোসেন (৩৪) ও রাজশাহীর গোদাবাড়ী থানার মনিরুল ইসলামের ছেলে মো: রিহাম (১৯)।

হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো: বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ছয় বাংলাদেশীকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ আত্মীয়-স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।