টেকসই উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে দেশের মধ্যে একটি সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেয়া হয়েছে।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের ছাত্রাবাস ও সেনাবাহিনীর সেভেনফিল্ড অ্যাম্বুলেন্সের হাসপাতাল ভবন উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মীর হেলাল উদ্দীন বলেন, ‘শান্তি ছাড়া এই অঞ্চলে কখনোই উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সরকার দীর্ঘমেয়াদী ও বাস্তবমুখী উদ্যোগ নিয়েছে।’
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আরিফুল ইসলাম, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: কামরুল হাসান খান, সেভেনফিল অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ডা: মোহাম্মদ সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ছাত্রাবাস ও হাসপাতাল ভবন নির্মাণ করা হয়। পরে প্রতিমন্ত্রী বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী, কৃষি যন্ত্রপাতি ও মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।



