নেত্রকোনার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মিলন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মিলন ওই গ্রামের আমজাদ আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে মিলনের সাথে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে পাওনা টাকা নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দক্ষিণ কান্দাপাড়া গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৬-৭ জন আহত হন। মিলন নামে এক যুবক গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নয়া দিগন্তকে বলেন, ‘এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা রেকর্ড হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রেকর্ডের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



