ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়নসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘এখানে মাদক, কিশোর গ্যাং, যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, আইনশৃঙ্খলাসহ অনেক সমস্যা উঠে এসেছে। জেলা প্রশাসক হিসেবে আমি এসব মনিটরিং করব। যে যে সমস্যা, এসব দফতরসমূহের কাজ করে সমাধানের চেষ্টা করব। আমরা প্রতিটা দফতরে চিঠি পাঠাব। আবার ফলোআপ চাইব। এভাবে আমরা এসব নিয়ে কাজ করব। জেলা প্রশাসক কার্যালয়ের দরজা সবসময় খোলা।
সাংবাদিকদের পাশাপাশি জনগণও যদি আসে, তাহলে যেকোনো তথ্য জানতে পারবে। সবার তথ্য জানার অধিকার রয়েছে। আমাদের কাছে আসলে অবশ্যই তথ্য দেবো। এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহিম, সমকালের ফেনী প্রতিনিধি দিলদার হোসেন স্বপন ও টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, এখন টিভি প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, উদয় সম্পাদক এম এ সাঈদ খান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরায়জী প্রমুখ।
প্রসঙ্গত, ডিসি মাহবুবউল করিম মঙ্গলবার ফেনী জেলা প্রশাসক পদে যোগদান করেন।



