মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত একটি চুনা কারখানার মালামাল জব্দ করেছে প্রশাসন। একইসাথে কারখানার পাথর ও অন্যান্য সামগ্রী নিরাপদে সংরক্ষণের জন্য সেখানে গ্রামপুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (৩১ মে) দুপুরে উপজেলার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার বিভিন্ন মালামাল ও চুন তৈরির পাথর ট্রাকে করে উপজেলা সদরে নিয়ে যাওয়া হচ্ছে। কারখানার নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন গ্রামপুলিশ সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে একটি চুনা কারখানা পরিচালিত হয়ে আসছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এলে সম্প্রতি সেখানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা গ্রামপুলিশ সদস্য রহিম বাদশা জানান, শুক্রবার (২৯ মে) রাত থেকে তারা কারখানাটি পাহারা দিচ্ছেন। রোববার সকাল থেকে কারখানার মালামাল ও পাথর উপজেলা সদরে নেয়ার কাজ শুরু হয়েছে।
টেংগারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসহাক আলী বলেন, ‘মালিকবিহীন ওই কারখানার বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রশাসনকে অবহিত করে। পরে প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। পাশাপাশি কারখানার পাথর ও অন্যান্য সামগ্রী নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: হামিদা মুস্তফা বলেন, ‘অবৈধ কার্যক্রমের তথ্য পাওয়ার পর প্রশাসন অভিযান পরিচালনা করে। বর্তমানে কারখানার মালামাল ও পাথর সরকারি হেফাজতে নেয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে নিলামের মাধ্যমে এসব সামগ্রী বিক্রি করে সরকারি রাজস্ব খাতে জমা দেয়া হবে।’



