বরিশালে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

‘জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পরিবারকে সহায়তা দিতে সরকার বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে কর্মসংস্থানের সুযোগ, জীবনধারণের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদানসহ দেশ-বিদেশে তাদের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ
বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ |নয়া দিগন্ত

বরিশালে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সভা কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ‘জুলাই আন্দোলন ছিল বৈষম্য, বঞ্চনা, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ। অপশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে সর্বস্তরের মানুষ নিজের প্রাণের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন। জুলাইযোদ্ধাদের আত্মত্যাগ, সাহসিকতা ও সংগ্রামের ইতিহাসকে মনে-প্রাণে ধারণ করতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো রক্তক্ষয়ী সংগ্রাম না হয় সেজন্য দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পরিবারকে সহায়তা দিতে সরকার বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে কর্মসংস্থানের সুযোগ, জীবনধারণের জন্য মাসিক সম্মানী ভাতা প্রদানসহ দেশ-বিদেশে তাদের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আহত গেজেটভুক্ত ‘ক’ শ্রেণির জুলাইযোদ্ধাদের প্রতি মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধাদের ১৫ হাজার টাকা ও ‘গ’ শ্রেণির যোদ্ধাদের ১০ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে।’

এ সময় তিনি জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে সরকারের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

জেলা প্রশাসক (ডিসি) মো: মামুন খন্দকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, উপপুলিশ কমিশনার মো: শরফুদ্দীন, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আহত জুলাইযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও গণমাধ্যমকর্মী।