নওগাঁর আত্রাইয়ের সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত অভিযুক্ত বর আল-আমিনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় স্থানীয় ২৫ থেকে ৩০ জন সরকারি গাড়ি আটকে পুলিশ ও স্টাফদের ওপর আক্রমণ করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হলে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের সহযোগিতায় অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বরকে গ্রেফতার করে ও দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
আত্রাই থানার ওসি মো: মাহবুব আলম জানান, খবর পাওয়ামাত্রই দ্রুত অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠিয়ে বরকে গ্রেফতার ও দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সরকারি কাজে বাধা দেয়া ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইউএনও মো: মনিরুজ্জামান বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিবাহের আয়োজন এবং সরকারি কাজে বাধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কোনো ছাড় দেয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এ ঘটনায় বাল্যবিবাহের চেষ্টা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মো: মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজল’সহ চারজন ও অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।



