মেলান্দহে আসামি গ্রেফতারের সময় স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত

গ্রেফতার হওয়া এনামুল হক (২৮) ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Melandaha
মেলান্দহ থানা
মেলান্দহ থানা |ছবি : নয়া দিগন্ত

জামালপুরের মেলান্দহে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের সময় স্বজনদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম হিমন, এএসআই মো: আওয়াল, আবু রায়হান ও কনস্টেবল মো: তাহের। তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গ্রেফতার হওয়া এনামুল হক (২৮) ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি একটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

মেলান্দহ থানা সূত্রে জানা যায়, মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে এএসআই আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে গ্রেফতারের জন্য অভিযান চালান। এ সময় এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেয়ারও চেষ্টা করা হয়। ধস্তাধস্তির সময় এসআই হিমন বাম হাতে আঘাত পান। এ ছাড়া অভিযানে অংশ নেয়া আরো তিন পুলিশ সদস্যও আহত হন। পরে তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।