নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধের কারনে ঝুঁকিতে পড়েছেন এলাকাবাসী। বারনই নদীর বাঁধ ভাঙন রোধে প্রতি বছর জিওব্যাগ (জিআই ব্যাগ) ফেলে অস্থায়ীভাবে বাঁধ রক্ষার চেষ্টা করছে নাটোর পানি উন্নয়ন বোর্ড। উপজেলার শ্যামনগর এলাকায় জিআই ব্যাগে নদীভাঙন রোধের চেষ্টা হচ্ছে মাত্র।
স্থায়ী সমাধানের দাবিতে সম্প্রতি এলাকাবাসী মানববন্ধন করে দ্রুত নদীতীরে শক্ত ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, এ পদ্ধতিতে দীর্ঘমেয়াদে নদীভাঙ্গন ঠেকানো সম্ভব হচ্ছে না। প্রতিবছর জিআই ব্যাগ দিয়ে অস্থায়ীভাবে বাঁধ রক্ষার চেষ্টা করছে নাটোর পানি উন্নয়ন বোর্ড। যদি এখানে বাঁধটি ভেঙে যায় তাহলে আমাদের ঘরবাড়ি ভেঙে যাবে। সম্পূর্ণ এলাকা পানিতে তলিয়ে যাবে। আর এই বাঁধ রক্ষায় তাঁর দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। বারবার অস্থায়ী ব্যবস্থা গ্রহণের পরিবর্তে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করলে সরকারি অর্থের অপচয় কমবে এবং নদীভাঙনের স্থায়ী সমাধান হবে।
স্থানীয় এলাকাবাসী ফরিদা বেগম, জহেদ আলী প্রাং, আহম্মেদ আলী, কছের আলীসহ অনেকের দাবি, প্রতিবছর বিপুল পরিমাণ জিওব্যাগ ব্যবহার করলেও স্থায়ী ও টেকসই অবকাঠামো নির্মাণ করা হচ্ছে না। ফলে বর্ষা মৌসুমে নদীর তীব্র স্রোতে ভাঙন অব্যহত থাকে এবং কৃষিজমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ে।
এ বিষয়ে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রিফাত করিম বলেন, ‘নদী ভাঙন রোধে ও বাঁধ রক্ষায় নলডাঙ্গার শ্যামনগর এলাকায় চলমান অর্থ বছরে কাজটি সম্পন্ন করা হবে। কাজটি সম্পন্ন হয়ে গেলে ঐ স্থানে যে ঝুঁকি রয়েছে তা দীর্ঘ স্থায়ী সমাধান হয়ে যাবে।’



