রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু, আহত ৩

সকাল ১০টার দিকে আমরা মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাই। বিকেল ৪টার দিকে মায়ারচরে জাল ফেলছিলাম। হঠাৎ বজ্রপাত হলে আমি পেছনে তাকিয়ে দেখি, আমার ভাই ইমন নেই। আমরাও অসুস্থ হয়ে পড়ি।

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)

Location :

Rangabali
বজ্রপাতে নিহত দুই জেলে
বজ্রপাতে নিহত দুই জেলে |নয়া দিগন্ত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার একটি ফিশিং বোটে বজ্রপাতের ঘটনায় সাকিব (২৩) ও ইমন (২৪) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বোটের মাঝিসহ আরো তিনজন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মায়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিব ও ইমন দু’জনই রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা। সাকিব ওই গ্রামের শহিদ শিকদারের ছেলে এবং ইমন হাবিব খাঁর ছেলে। নিহত সাকিবের এক বছরের একটি শিশুসন্তান এবং ইমনের দুই বছরের একটি শিশুসন্তান রয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, সুমন খাঁর মালিকানাধীন একটি ফিশিং বোটে সাকিব, ইমনসহ পাঁচ জেলে রোববার সকালে ইলিশ ধরার উদ্দেশ্যে সাগরে যান। বিকেল সাড়ে ৩টার দিকে মায়ারচর সংলগ্ন এলাকায় জাল ফেলার সময় হঠাৎ বোটটির ওপর বজ্রপাত হয়। এতে সাকিব ও ইমন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে বোটের মাঝি সুমন খাঁ ও জেলে নিবির ও নিপু আহত হন। পরে অন্য একটি বোট এসে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বোটের মালিক ও নিহত ইমনের বড় ভাই সুমন খাঁ বলেন, সকাল ১০টার দিকে আমরা মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাই। বিকেল ৪টার দিকে মায়ারচরে জাল ফেলছিলাম। হঠাৎ বজ্রপাত হলে আমি পেছনে তাকিয়ে দেখি, আমার ভাই ইমন নেই। আমরাও অসুস্থ হয়ে পড়ি। পরে অন্য একটি বোট এসে আমাদের উদ্ধার করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন বলেন, বজ্রপাতে দুই জেলে নিহত ও তিনজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একজন এসআই রয়েছেন। নিহত ও আহত সবাই রাঙ্গাবালী উপজেলার যুগিরহাওলা-সামুদাবাদ এলাকার বাসিন্দা।